কাজী আসমা আজমেরীঃ সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৫টি গন্তব্যে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, যার সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে Henley Passport Index-এর সূত্র। দীর্ঘদিনের একজন আন্তর্জাতিক ভ্রমণকারী হিসেবে এই তথ্য আমাকে বিস্মিত করেছে।
আমি ব্যক্তিগতভাবে এই তালিকার বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছি। কিন্তু বাস্তবে আমাকে অনেক দেশের জন্য সংশ্লিষ্ট দূতাবাস থেকে আগাম ভিসা নিতে হয়েছে, কিছু দেশে ই-ভিসা (eVisa) করতে হয়েছে, আবার কিছু দেশে প্রবেশ করতে পেরেছি শুধুমাত্র বৈধ মার্কিন বা নিউজিল্যান্ডের ভিসা থাকার কারণে।
উদাহরণ হিসেবে-
Burundi (২০২২) – দূতাবাস থেকে ভিসা নিয়েছি।
Cambodia (২০১০) – দূতাবাস থেকে ভিসা নিয়েছি।
Guinea-Bissau (২০২৪) – দূতাবাস থেকে ভিসা নিয়েছি।
The Gambia (২০২৪) – দূতাবাস থেকে ভিসা নিয়েছি।
Djibouti (২০২৪) – অনলাইনে eVisa করেছি।
Kenya (২০২৬) – অনলাইনে ETA/অনুমোদন নিয়েছি।
Madagascar (২০২৬) – অনলাইনে আবেদন করেছি।
Grenada, Jamaica, Trinidad and Tobago – প্রবেশ করেছি বৈধ মার্কিন ভিসার ভিত্তিতে।
Kiribati – প্রবেশ করেছি নিউজিল্যান্ডের ভিসার ভিত্তিতে।
প্রশ্ন হচ্ছে- যদি বাস্তবে আগাম ভিসা, eVisa, ETA অথবা অন্য দেশের বৈধ ভিসা ছাড়া প্রবেশ সম্ভব না হয়, তাহলে এগুলোকে কীভাবে সাধারণ অর্থে ‘ভিসা ছাড়া’ বলা হচ্ছে?হেনলি পাসপোর্ট ইনডেস্ক নিজেই ব্যাখ্যা করেছে যে, তাদের সূচকে Visa on Arrival (VoA) এবং ETA-কেও ‘without a prior visa’ হিসেবে গণনা করা হয়। তবে eVisa-কে তারা ভিসার একটি ধরন হিসেবেই বিবেচনা করে।
অন্যদিকে, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ভ্রমণের আগে যেই IATA Timatic তথ্য ব্যবহার করে এবং বিভিন্ন দেশের দূতাবাস যে নির্দেশনা দেয়, বাস্তব ভ্রমণের ক্ষেত্রে সেটিই অনুসরণ করা হয়। একজন যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হবে কি না, সেটি নির্ধারণে Timatic ও সংশ্লিষ্ট দেশের সরকারি ইমিগ্রেশন নীতিই কার্যকর।
তাই আমার ওই পত্রিকা কতৃপক্ষের কাছে প্রশ্ন- ‘বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৫টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন’-এই শিরোনামটি কি সাধারণ পাঠকের কাছে বিভ্রান্তিকর নয়? কারণ, বাস্তবে এই ৩৫টির মধ্যে এমন দেশও রয়েছে যেখানে আগাম ভিসা, eVisa, ETA অথবা বৈধ যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের ভিসা ছাড়া প্রবেশ করা যায় না।
আমি বিশ্বাস করি, গণমাধ্যমের দায়িত্ব শুধু আন্তর্জাতিক সূচকের সংখ্যা প্রকাশ করা নয়; বরং সেই তথ্যের বাস্তব ব্যাখ্যাও পাঠকের সামনে তুলে ধরা। বিশেষ করে ভিসা-সংক্রান্ত ৯টি তথ্যের ক্ষেত্রে একটি ছোট ভুল বোঝাবুঝিও একজন ভ্রমণকারীর জন্য বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।
আমার অনুরোধ, এ ধরনের সংবাদের ক্ষেত্রে ‘ভিসা ছাড়া’ শব্দটি ব্যবহারের পরিবর্তে হেনলি পাসপোর্ট ইনডেস্ক অনুযায়ী ‘ভিসা-অ্যাক্সেস বা ভিসা-ফ্রি, Visa on Arrival ও ETA-সহ মোট ৩৫টি গন্তব্যে প্রবেশাধিকার’- এ ধরনের নির্ভুল ভাষা ব্যবহার করা হোক। কারণ, আন্তর্জাতিক ভ্রমণে সঠিক তথ্য শুধু একটি সংবাদ নয়, একজন ভ্রমণকারীর নিরাপদ যাত্রার পূর্বশর্ত।
লেখক: ১৬০ দেশ ভ্রমণকারী পর্যটক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬
Recent Comments